ভিভাটেক-এ অংশ নিচ্ছে বাংলাদেশ, খুশী ফ্রান্স
স্মার্ট বাংলাদেশ গঠনে ডিজিটাল, সাইবার ও ট্রেড এমনকি স্যাটেলাইট নিয়েও বাংলাদেশের সঙ্গে কাজ করবে ফ্রান্স। আর এই যুথবদ্ধ যাত্রায় বাংলাদেশের সঙ্গী হতে পেরে আনন্দ প্রকাশ করলেন বাংলাদেশে নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত ম্যারি মাসদুপুঁই। সোমবার সচিবালয়ের ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এমনটাই জানিয়েছেন তিনি।
এসময় বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেডের চেয়ারম্যান শাহজাহান মাহমুদ উপস্থিত ছিলেন। বৈঠকে শিক্ষা, প্রযুক্তি ও প্রশিক্ষণ এই তিন ক্ষেত্রে ফ্রান্স বাংলাদেশের সঙ্গে আগামীতে কীভাবে কাজ করতে পারে তা নিয়ে আলোচনা হয়েছে। এসময় ইডিজিই প্রকল্পের পলিসি অ্যাডভাইজার আব্দুল বারী তুষার উপস্থিত ছিলেন।
বৈঠক বিষয়ে প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক জানিয়েছেন, কিছু দিনের মধ্যেই ইউরোপের এবং ফ্রান্সের অন্যতম বৃহৎ প্রযুক্তি উৎসব ‘ভিভাটেক’ এ প্রথমবারের মতো অংশগ্রহণ করতে যাচ্ছে বাংলাদেশ। সফরে দেশের ১২টি স্বনামধন্য আইটি কোম্পানি প্রতিনিধিরা সেখানে ফ্রান্সের প্রায় ১২০টি কোম্পানির সাথে বৈঠক করবে। বাংলাদেশের প্যাভিলিয়নে দেশের প্রযুক্তিগত সক্ষমতা এবং সম্ভাবনা তুলে ধরা হবে।
সাংবাদিকদের মন্ত্রী বলেছেন, আমরা এয়ারবাসের স্যাটেলাইট ল্যাব পরিদর্শন করবো। বাংলাদেশের ভবিষ্যৎ প্রজন্মকে এআই, রোবোটিক্স, ডেটা অ্যানালিটিক্স, মেশিন লার্নিং, মাইক্রোচিপ ডিজাইনিং, সাইবার সিকিউরিটির মতো ফ্রন্টিয়ার টেকনোলজিতে দক্ষ, যোগ্য স্মার্ট নাগরিক হিসেবে গড়ে তোলার জন্য আমরা ফ্রান্সের ‘স্কুল ফোরটি টু’র সাথে আনুষ্ঠানিক চুক্তিতে যাচ্ছি। ফ্রান্সের ‘লে গবলা স্কুল ফর অ্যানিমেশন’ থেকে আমাদেরকে অ্যানিমেশন ল্যাব তৈরি করার জন্য টেকনিক্যাল সাপোর্ট দিচ্ছে এটিও এবারের ফ্রান্স সফরের অন্যতম উদ্দেশ্য।
‘এয়ারবাস আমাদের নিজস্ব দক্ষতা যোগ্যতা এবং সক্ষমতা তৈরির জন্য কিছু প্রস্তাব দিয়েছে আমরা সেটা বিবেচনায় নিয়েছি। আমরা আশা করছি, দেশেই এয়ারবাসের সাথে যৌথভাবে স্যাটেলাইট অ্যাসেম্বল করতে পারব এবং স্যাটেলাইট প্রযুক্তিতে দক্ষ জনশক্তি গড়ে তুলতে পারব’ -যোগ করেন পলক।





